বিজ্ঞাপন

ডেনমার্ক রাষ্ট্রদূত

বাংলাদেশ বাণিজ্যের জন্য উন্মুক্ত, লালদিয়া টার্মিনাল গুরুত্বপূর্ণ বিনিয়োগ

বাংলাদেশ বাণিজ্যের জন্য উন্মুক্ত, লালদিয়া টার্মিনাল গুরুত্বপূর্ণ বিনিয়োগ

বাংলাদেশ বিশ্বের কাছে স্পষ্ট বার্তা দিচ্ছে দেশটি বাণিজ্যের জন্য উন্মুক্ত এবং পারস্পরিক সুবিধার ভিত্তিতে কাজ করতে প্রস্তুত। চট্টগ্রাম বন্দরের লালদিয়া কনটেইনার টার্মিনাল বাংলাদেশের অর্থনীতি ও বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত এইচ ই ক্রিস্টিয়ান ব্রিকস মুলার।

রোববার (৩০ আগস্ট) পতেঙ্গায় কর্ণফুলী নদীর তীরে চট্টগ্রাম বন্দরের লালদিয়া কনটেইনার টার্মিনাল নির্মাণের আনুষ্ঠানিক উদ্বোধন (গ্রাউন্ড ব্রেকিং) অনুষ্ঠানে অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডেনিশ রাষ্ট্রদূত বলেন, লালদিয়া টার্মিনাল নির্মাণের উদ্যোগ বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। প্রকল্পটির পেছনে দীর্ঘ সময়ের অভিজ্ঞতা, দক্ষতা ও প্রস্তুতি রয়েছে। ডেনমার্কের পক্ষ থেকে আমরা এটিকে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ হিসেবে দেখছি।

তিনি বলেন, এই প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্টদের সহযোগিতা, পেশাদারিত্ব, আস্থা ও অংশীদারত্বের মনোভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের বিভিন্ন অংশের প্রতিনিধিদের সঙ্গে একসঙ্গে কাজ করার সুযোগ এবং প্রকল্পের প্রতি তাদের ধারাবাহিক সম্পৃক্ততার জন্য তিনি কৃতজ্ঞতা জানান।

ক্রিস্টিয়ান ব্রিকস মুলার আরও বলেন, ব্যবসায়ীদের সঙ্গে সরকারের ব্যাপক সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি শক্তিশালী নীতিগত ও প্রাতিষ্ঠানিক কাঠামোর পাশাপাশি গণতন্ত্র, সংলাপ ও নীতিগত পরামর্শের প্রতি অঙ্গীকারও প্রয়োজন। সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নেও এসব বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি বলেন, ডেনমার্ক প্রস্তুতি, পরিবর্তন, সংলাপ ও ভবিষ্যৎ সম্ভাবনার মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও এগিয়ে নিতে আগ্রহী। প্রয়োজনীয় প্রক্রিয়া ও ব্যবস্থাগুলোকে যথাযথভাবে মূল্যায়নের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা জোরদার করা হবে।

ডেনিশ রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ বিশ্বের কাছে একটি সুস্পষ্ট বার্তা দিচ্ছে বাংলাদেশ বাণিজ্যের জন্য উন্মুক্ত এবং পারস্পরিক সুবিধার জন্য কাজ করতে প্রস্তুত।

তিনি বলেন, লালদিয়া টার্মিনালের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পের মাধ্যমে অর্থনৈতিক পরিবর্তনকে আরও শক্তিশালী করা এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের গতি বজায় রাখা সম্ভব হবে। আগামী দিনগুলোতে এসব উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনাকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা ও অংশীদারত্বের জন্য ধন্যবাদ জানান ডেনমার্কের রাষ্ট্রদূত।

জেডএস