বিজ্ঞাপন

গুম প্রতিরোধ দিবসে সংসদ অভিমুখে ১১ দলের পদযাত্রা শুরু

গুম প্রতিরোধ দিবসে সংসদ অভিমুখে ১১ দলের পদযাত্রা শুরু

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে সংসদ অভিমুখে পদযাত্রা শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট।

রোববার (৩০ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে ‘বাংলাদেশ গুম প্রতিরোধ দিবস পালন জাতীয় কমিটি’র ব্যানারে রাজধানীর বাংলামোটর থেকে সংসদ অভিমুখে পদযাত্রা শুরু করেন ১১ দলের নেতাকর্মীরা। কর্মসূচি থেকে সংসদে গিয়ে স্পিকারের কাছে একটি স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে।

স্পিকারকে দেওয়া স্মারকলিপিতে অন্তর্বর্তী সরকারের গুম কমিশনের প্রতিবেদনে যেসব সুপারিশ উল্লেখ করা হয়েছে, সেগুলো কোনো পরিবর্তন ছাড়াই হুবহু আইনে পরিণত করাসহ বিভিন্ন সময়ে শিকার ভুক্তভোগীদের রাষ্ট্রীয় মর্যাদাসহ কয়েকটি দাবি জানানো হবে।

পদযাত্রায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালালুদ্দিন আহমেদ, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারাসহ ১১ দলের নেতাকর্মীরা অংশ নিয়েছেন।

এর আগে গত বুধবার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

এমএল/জেডএস

বিজ্ঞাপন