মক্কা ডিফেন্স প্যাক্টে বাংলাদেশের যোগ দিলে ঝুঁকির প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, বাঁচার আগে যদি মরার চিন্তা করেন তাহলে লাভ আছে? মানে বাঁচার আগে যদি মরার চিন্তা করি তাহলে তো সমস্যা।
রোববার (৩০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
হুমায়ুন কবির বলেন, বাঁচার আগে যদি মরার চিন্তা করেন তাহলে লাভ আছে? মানে বাঁচার আগে যদি মরার চিন্তা করি তাহলে তো সমস্যা। এটা একটা একক প্যাক্ট, নতুন উদ্যোগ। এটা একটা নতুন সুযোগ।
তিনি বলেন, বর্তমানের অস্থিতিশীল বা সংকট-বিক্ষুব্ধ আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতিতে কোনো একটি নির্দিষ্ট ক্ষেত্রে সম্পৃক্ত হওয়ার অর্থ এই নয় যে, আপনি অন্য কোনো জোট বা ক্ষেত্রে অবদান রাখতে পারবেন না। এটি আপনার কাজের পরিধিকে কোনোভাবেই সীমাবদ্ধ করে না।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের মতো একটি দেশকে বর্তমান আন্তর্জাতিক রাজনৈতিক ব্যবস্থার গতিপ্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে অত্যন্ত সমন্বিত ও নমনীয় উপায়ে পররাষ্ট্রনীতি ও নিরাপত্তা সহযোগিতার বিষয়গুলো পরিচালনা করতে হবে। সেই বিবেচনায়, এতে কোনো ঝুঁকি নেই। আমরা আমাদের আন্তর্জাতিক সম্পর্কগুলোর মধ্যে ভারসাম্য বজায় রাখব।
তিনি বলেন, বাংলাদেশ বিশ্বশান্তি ও স্থিতিশীলতার পক্ষে অবিচল; আর যেখানেই শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্য থাকবে। বাংলাদেশ সর্বদা সেখানেই তার উপস্থিতি নিশ্চিত করবে।
সম্প্রতি জেদ্দায় সৌদি ও তুরস্কের মন্ত্রীর সঙ্গে সাক্ষাত হয়েছে হুমায়ুন কবিরের। সাক্ষাতে মক্কা ডিফেন্স প্যাক্টে বাংলাদেশের যোগদানের বিষয়ে আলোচনা ও মনোভাব জানতে চাইলে তিনি বলেন, তারা ইতিবাচক। মুসলিম বিশ্বের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে আসা এবং সহায়তা করা মোটেও খারাপ কিছু নয়। তাই আমরা বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছি।
তিনি বলেন, এসব বিষয়ে আলোচনা গঠনমূলকভাবে এগিয়েছে; দেখা যাক পরবর্তী ধাপে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়। আমরা পুরো বিষয়টি অত্যন্ত ইতিবাচক দৃষ্টিতে দেখছি।
হুমায়ুন কবির বলেন, আন্তর্জাতিকভাবে মাঠপর্যায়ের নিরাপত্তায় আমরা সামনের সারিতে রয়েছি। আমাদের অংশগ্রহণ বিশেষ গুরুত্ব বহন করে বলেই আমরা অবদান রাখি। অন্য কোনো বিকল্প নেই বলে নয়, বরং সংশ্লিষ্ট পক্ষগুলো স্বীকার করে যে, সমৃদ্ধ অভিজ্ঞতা ও দক্ষতার কারণে বাংলাদেশ প্রকৃত অর্থেই বাড়তি মূল্য বা গুরুত্ব যোগ করে।
মক্কা ডিফেন্স প্যাক্টে বাংলাদেশকে যোগদানের বিষয়ে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে কিনা, জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, যখন আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হবে আমরা অবশ্যই আপনাদের তা জানাব। বর্তমানে আমরা এ বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছি এবং সকল দ্বিপাক্ষিক অংশীদারের সঙ্গে নিয়ে আলোচনা ইতিবাচকভাবে এগিয়ে চলেছে।
উল্লেখ্য, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ সই হয়েছে। বাংলাদেশে এই চুক্তিতে যোগ দেওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করছে।
এনআই/এমএসএ
