চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকায় বিএসটিআইয়ের ভুয়া লোগো ব্যবহার, মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের মেয়াদ বাড়িয়ে বিক্রি এবং অপরিচ্ছন্ন পরিবেশসহ নানা অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ ৬৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এর মধ্যে একটি প্রতিষ্ঠানের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে সিলগালা করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) দুপুরে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক ফয়েজ উল্ল্যাহর নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করেন।
অধিদপ্তর সূত্র জানায়, আগ্রাবাদ এলাকার ‘চিটাগং ডেইরি ফুড ইন্ডাস্ট্রিস’ নামে একটি প্রতিষ্ঠানে তদারকি অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি ‘ডোনা ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার’ নামের পণ্যটিতে বিএসটিআইয়ের কোনো অনুমোদন না থাকা সত্ত্বেও লোগো ব্যবহার করে বাজারজাত করে আসছে। এ ছাড়া পণ্যের প্যাকেটে মনগড়া তারিখ দেওয়া, ফুল ক্রিম গুঁড়ো দুধের সঠিক ফর্মুলা না মেনে পণ্য প্রস্তুত করা এবং মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের তারিখ বদলে (ডেট টেম্পারিং) তা পুনরায় বিক্রির জন্য সংরক্ষণ করার প্রমাণ মেলে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির অপরিচ্ছন্ন পরিবেশে পণ্য প্যাকেটজাত করার স্থানে বিভিন্ন ধরনের পোকা-মাকড় ঘুরে বেড়াতে দেখা যায়।
এসব গুরুতর অপরাধের কারণে চিটাগং ডেইরি ফুড ইন্ডাস্ট্রিসকে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অপরাধ পুনরাবৃত্তি রোধে প্রতিষ্ঠানটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে সিলগালা করে দেন অভিযান পরিচালনাকারী দল।
একই অভিযানে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল সংলগ্ন ‘জনতা ফার্মেসি’তে মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ বিক্রির উদ্দেশ্যে রাখার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরির অপরাধে ‘বার্গার বাইট’ নামের একটি ফাস্টফুডের দোকানকে ৪ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহায়তায় পরিচালিত এ অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
/এমএসএ
