চট্টগ্রামের জিইসি এলাকার আল-হেলাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ৩ লাখ টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।
রোববার (৩০ আগস্ট) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফাত বিনতে আরার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে হোটেলটির রান্নাঘরে সর্বত্র তেলাপোকার বিচরণ, স্টোররুমে বিড়ালের বিচরণ এবং খোলা ডাস্টবিন দেখতে পান ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা। এছাড়া ফ্রিজারে রান্না করা ও কাঁচা মাংস একসঙ্গে সংরক্ষণ, স্যাঁতসেঁতে ও ভাঙা মেঝে, মেয়াদোত্তীর্ণ ঘি সংরক্ষণ এবং পোড়া তেলে খাবার তৈরির প্রমাণ পাওয়া যায়।
এসব অনিয়মকে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর উল্লেখ করে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ধারায় প্রতিষ্ঠানটির মালিকপক্ষকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চট্টগ্রাম মেট্রোপলিটন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) একটি দল সহযোগিতা করে।
এমআর/এমএসএ
