চট্টগ্রামে সাড়ে ১৩ হাজার টাকার জালনোটসহ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৯ আগস্ট) রাতে নগরের চকবাজার থানার গুলজার মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
রোববার (৩০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
গ্রেপ্তাররা হলেন, ফটিকছড়ি উপজেলার হারুয়াছাড়ি দক্ষিণকুল এলাকার শাহ আলমের ছেলে মো. পারভেজ (২৯) এবং আনোয়ারা উপজেলার খুরুস্কুল গ্রামের বশির তালুকদার বাড়ির মৃত সিরাজ মিয়ার ছেলে মো. আলমগীর হোসেন (৩১)।
সিএমপি জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চকবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৩ হাজার ৫০০ টাকা মূল্যমানের জাল নোট জব্দ করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া জাল নোটের উৎস এবং অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানানো হয়।
/এমএসএ
