বিজ্ঞাপন

৩৬ ঘণ্টার মধ্যে দফায় দফায় বৃষ্টির আভাস

৩৬ ঘণ্টার মধ্যে দফায় দফায় বৃষ্টির আভাস

দেশের উপকূলীয় ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিস্তৃত এলাকায় আগামী ৩৬ ঘণ্টায় দফায় দফায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের আভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। রোববার রাত ৮টা থেকে পরবর্তী ৩৬ ঘণ্টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার এমন পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

রোববার (৩০ আগস্ট) বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম এ তথ্য জানায়।

বিডব্লিউওটি জানায়, কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, পটুয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ভোলা, বরগুনা, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, গোপালগঞ্জ, মাদারীপুর, নড়াইল, যশোর, মাগুরা, ফরিদপুর এবং পার্শ্ববর্তী এলাকার পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কিছু অংশে-যেমন কলকাতা ও দীঘার আশেপাশে স্বল্পস্থায়ীভাবে দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ইতোমধ্যে উপকূলের বেশ কিছু এলাকায় থেমে থেমে বৃষ্টিপাত শুরু হয়েছে।

আবহাওয়ার এই সতর্কবার্তায় সংস্থাটি জানায়, উপকূলীয় জেলাগুলোতে দমকা হাওয়াসহ মাঝারি থেকে বেশ ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। তবে এই বৃষ্টি একটানা বা দীর্ঘস্থায়ী হবে না। মেঘমালার অবস্থানের কারণে কিছু কিছু স্থানে বৃষ্টি একদম কম হতে পারে বা নাও হতে পারে, আবার কোনো কোনো স্থানে হঠাৎ করে বেশ ভারী বৃষ্টিপাত নেমে আসতে পারে। শুধু উপকূলীয় অঞ্চলই নয়, এর বাইরেও দেশের অন্যান্য বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার এই গতিপ্রকৃতির কারণে সাধারণ মানুষকে সাবধানে চলাচল করতে এবং উপকূলীয় এলাকার বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

এসআর/এসএএস