চাঁদাবাজি, হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনের পাঁচ মামলার আসামি মো. ফারুককে (৩৩) গ্রেপ্তার করেছে তুরাগ থানা পুলিশ। পুলিশের ভাষ্য অনুযায়ী ফারুক রাজধানীর তুরাগ এলাকার তালিকাভুক্ত চিহ্নিত চাঁদাবাজ।
রোববার (৩০ আগস্ট) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে তুরাগ থানার ১৫ নম্বর সেক্টরের ৩/বি রোডে হিমালয় ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সামনের রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বলেন, ফারুকের বিরুদ্ধে তুরাগ ও উত্তরা পশ্চিম থানায় চাঁদাবাজি, হত্যাচেষ্টা, বিস্ফোরক দ্রব্য আইনসহ বিভিন্ন ধারায় পাঁচটি মামলা রয়েছে। ফারুক দীর্ঘদিন ধরে তুরাগ থানা এলাকা ছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করে আসছিলেন। তিনি পুলিশের তালিকাভুক্ত চাঁদাবাজ।
তিনি আরও বলেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
এমএসি/এনএফ
