রাজধানীর পশ্চিম জুরাইনে একটি মাদ্রাসার ছাদ থেকে পড়ে ইয়ামিন (১০) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তবে সে কীভাবে পড়েছে, তা নিশ্চিত করে জানাতে পারেনি মাদ্রাসা কর্তৃপক্ষ।
রোববার (৩০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পশ্চিম জুরাইনের ‘তাসফিলুল কোরআন’ নামে একটি হেফজ মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
পরে মুমূর্ষু অবস্থায় মাদ্রাসার শিক্ষকরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
মাদ্রাসার প্রিন্সিপাল ফেরদৌস আহমেদ জানান, ইয়ামিন মাদ্রাসার হেফজ বিভাগে পড়াশোনা করত। তার বাসা কদমতলী মোহাম্মদবাগ এলাকায়। তার বাবার নাম রফিকুল ইসলাম। গত বুধবার মাদ্রাসা ছুটির পর সে বাসায় চলে যায়।
তিনি বলেন, ইয়ামিন মাদ্রাসায় আসতে চাচ্ছিল না দেখে তার বাবা আমাকে কল করে বলেন, তাকে বাসা থেকে বুঝিয়ে মাদ্রাসায় নিয়ে যেতে। আমি আনতে যাইনি। সবশেষ রোববার রাত সাড়ে ৯টার দিকে ইয়ামিনের নানি তাকে মাদ্রাসায় দিয়ে যান। এর কিছুক্ষণ পর সে কৌশলে ছাদের গেটের চাবি নিয়ে ছাদে চলে যায়। এরপর খবর পাই, সে ছাদ থেকে নিচে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে ভবনের নিচ থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কদমতলী থানায় জানানো হয়েছে।
এসএএ/এমএসএ
