বিজ্ঞাপন

নাগরিকদের অভিযোগের পর ঢাকা-১৩ আসনে অটোরিকশাবিরোধী অভিযান

নাগরিকদের অভিযোগের পর ঢাকা-১৩ আসনে অটোরিকশাবিরোধী অভিযান

ঢাকা-১৩ আসনে যানজট ও ব্যাটারিচালিত অটোরিকশার অবৈধ চলাচল নিয়ে স্থানীয় বাসিন্দাদের অভিযোগের পর অভিযান চালানো হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরিচালিত এ অভিযানে ব্যাটারিচালিত অটোরিকশা উচ্ছেদের পাশাপাশি অবৈধভাবে ব্যাটারি চার্জের সঙ্গে জড়িত স্থাপনা ও বৈদ্যুতিক সংযোগ অপসারণ করা হয়।

জানা গেছে, গত শনিবার ঢাকা-১৩ আসনের টাউন হল সভায় স্থানীয় বাসিন্দারা এলাকার যানজট এবং ব্যাটারিচালিত অটোরিকশার অবাধ চলাচল নিয়ে অভিযোগ করেন। পরে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

এর পরিপ্রেক্ষিতে সোমবার (৩১ আগস্ট) এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুলসংখ্যক ব্যাটারিচালিত অটোরিকশা উচ্ছেদ করা হয়। একইসঙ্গে অবৈধভাবে ব্যাটারি চার্জের কাজে ব্যবহৃত সরঞ্জাম ও বৈদ্যুতিক সংযোগ অপসারণ করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার অবৈধ চলাচল ও অনিয়ন্ত্রিত ব্যাটারি চার্জিংয়ের কারণে যানজটের পাশাপাশি জনসাধারণের চলাচলে ভোগান্তি তৈরি হচ্ছিল। অভিযানের মাধ্যমে এসব অনিয়ম নিয়ন্ত্রণ এবং যান চলাচলে শৃঙ্খলা ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

নাগরিকদের অভিযোগের পর দ্রুত ব্যবস্থা নেওয়ার বিষয়ে ববি হাজ্জাজ বলেন, টাউন হল সভায় নাগরিকদের সমস্যাগুলো চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকা-১৩ আসনের মানুষের স্বাভাবিক ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, নাগরিকদের অভিযোগ ও পরামর্শকে গুরুত্ব দিয়ে এলাকার সমস্যা সমাধানে প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার করা হবে।

আরএইচটি/জেডএস

বিজ্ঞাপন