বিজ্ঞাপন

বিআরটিএ কার্যালয়ে আনসারের অভিযান, দালাল চক্রের ৩ জনের কারাদণ্ড

বিআরটিএ কার্যালয়ে আনসারের অভিযান, দালাল চক্রের ৩ জনের কারাদণ্ড

রাজধানীর তুরাগে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে অভিযান চালিয়ে দালাল চক্রের তিন সদস্যকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) বিকেল ৩টার দিকে বিআরটিএ তুরাগ, ঢাকা মেট্রো সার্কেল-৩ কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

আনসার সদস্যদের তৎপরতায় আটক ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন গাড়ির নতুন রেজিস্ট্রেশন, ফিটনেস ও মালিকানা বদলসংক্রান্ত কাগজপত্র উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- ধানমন্ডির জিগাতলা এলাকার মো. রাকিব আজিজ (৪০), বাড্ডার মো. কামরুল হাসান (২২) এবং ভোলার মো. শাহিন (৩৩)।

অভিযানে পিসি মো. অপু সারোয়ার, আনসার সদস্য ইদ্রিস আলী ও আনসার সদস্য জুয়েল রানা দায়িত্ব পালন করেন।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাকিব আজিজ ও মো. কামরুল হাসানকে দুই মাস করে এবং মো. শাহিনকে এক মাসের কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত তিনজনকে পুলিশের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

বিআরটিএ কার্যালয়ে দালাল চক্রের অপতৎপরতা রোধে আনসার সদস্যদের এ ধরনের অভিযান জনসেবা কার্যক্রমকে আরও সুশৃঙ্খল ও নিরাপদ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

তারা বলেন, জননিরাপত্তা ও সেবাপ্রত্যাশীদের স্বার্থে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দেশের বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

এসএএ/আরএফ