ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন চানখারপুল থেকে বকশীবাজার পর্যন্ত এলাকায় সমন্বিত অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালামের উপস্থিতিতে পরিচালিত এ কার্যক্রমে অবৈধ দখল উচ্ছেদ, মশক নিধন, বর্জ্য ব্যবস্থাপনা এবং ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স যাচাইসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযানের অংশ হিসেবে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও দোকানপাট অপসারণ করা হয়। জনসাধারণের চলাচলের পথ নির্বিঘ্ন রাখা এবং নগরের সৌন্দর্য ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
একই সঙ্গে সংশ্লিষ্ট এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়। সম্ভাব্য মশার প্রজননস্থল চিহ্নিত করে লার্ভিসাইড প্রয়োগ এবং প্রয়োজনীয় স্থানে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়। এছাড়া সড়ক, ফুটপাত ও আশপাশের এলাকায় জমে থাকা বর্জ্য অপসারণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। নগরবাসীকে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা এবং যত্রতত্র বর্জ্য না ফেলার আহ্বান জানানো হয়।
অভিযানকালে বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স যাচাই করা হয়। বৈধ ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা এবং লাইসেন্সের শর্ত অমান্য করে ব্যবসা পরিচালনার বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।
এএসএস/এনএফ
