যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন পার্বতীপুরে বাংলাদেশ রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শন করেছেন, যেখানে বাংলাদেশের কারিগররা আমেরিকায় তৈরি লোকোমোটিভ বা রেল ইঞ্জিনগুলোর রক্ষণাবেক্ষণ করেন। এসব রেল ইঞ্জিন দেশজুড়ে যাত্রী ও পণ্য পরিবহনে ভূমিকা রাখছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ঢাকার মার্কিন দূতাবাস এক প্রেস নোটে এ তথ্য জানিয়েছে।
দূতাবাস জানায়, রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন কারখানাটি ঘুরে দেখেন, যুক্তরাষ্ট্রের কোম্পানি প্রোগ্রেস রেলের তৈরি একটি লোকোমোটিভ পরিদর্শন করেন এবং এসব লোকোমোটিভ রক্ষণাবেক্ষণে নিয়োজিত রেলকর্মীদের সঙ্গে কথা বলেন।
এরপর তিনি ট্রেনে করে সৈয়দপুর যান, যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং ঐতিহাসিক সৈয়দপুর রেলওয়ে কারখানা ও জাদুঘর পরিদর্শন করেন।
বাংলাদেশ রেলওয়ের প্রোগ্রেস রেলের তৈরি ৪০টি লোকোমোটিভ ক্রয় প্রমাণ করে কীভাবে যুক্তরাষ্ট্রের রপ্তানি ও প্রযুক্তি বাংলাদেশের অবকাঠামো ও উন্নয়ন অগ্রাধিকারে সহায়তা করতে পারে।
এই সফর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও ব্যবসায়িক সহযোগিতা সম্প্রসারণের বাস্তব ও দীর্ঘমেয়াদি সুফল তুলে ধরেছে।
এনআই/এসএম
