বিজ্ঞাপন

বিমানবন্দরে ৪০ ভরি স্বর্ণসহ দুইজন গ্রেপ্তার

বিমানবন্দরে ৪০ ভরি স্বর্ণসহ দুইজন গ্রেপ্তার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪৭৫ দশমিক ৬ গ্রাম (৪০ দশমিক ৭৮ ভরি) স্বর্ণালংকারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
 
যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন— খায়রুল হাসান আকন (২৯) ও শেখ আরিফুল ইসলাম (৪৬)।
 
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টা ৪৫ মিনিটে বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ের নিচতলার বহির্গেট এলাকা থেকে তাদের আটক করা হয়।
 
এয়ারপোর্ট এপিবিএন জানায়, ওই দুই ব্যক্তি বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ের নিচতলায় সন্দেহজনকভাবে ঘোরাফিরা করছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা সুকৌশলে পালানোর চেষ্টা করলে এপিবিএনের সদস্যরা তাদের আটক করেন। পরে তাদের শরীর তল্লাশি করে ৪৭৫ দশমিক ৬ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। উদ্ধার করা সব স্বর্ণালংকার ২১ ক্যারেটের। এর আনুমানিক বাজারমূল্য ৭৫ লাখ ৬২ হাজার ৪০ টাকা।
 
এপিবিএন আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানিয়েছেন, বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীদের মাধ্যমে স্বর্ণালংকারগুলো বাংলাদেশে আনা হয়েছে। চোরাচালানের উদ্দেশ্যে স্বর্ণগুলো বিমানবন্দর থেকে সংগ্রহের জন্য তারা সেখানে অবস্থান করছিলেন। আটকরা দীর্ঘদিন ধরে বিমানবন্দরকেন্দ্রিক স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
 
এ ঘটনায় মঙ্গলবার বিমানবন্দর থানায় দুজনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। 

এ বিষয়ে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার (অপারেশন্স) মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন, বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধ ও অন্যান্য অপরাধ দমনে এয়ারপোর্ট এপিবিএন বরাবরের মতোই সক্রিয় ভূমিকা পালন করছে। স্বর্ণ ও মাদক চোরাচালানের অপতৎপরতা রোধে এয়ারপোর্ট এপিবিএন বদ্ধপরিকর। বিমানবন্দর ব্যবহার করে যেকোনো চোরাচালান রোধে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

এমএসি/এনএফ

বিজ্ঞাপন