রাজধানীর বিভিন্ন এলাকায় রাতভর অভিযান চালিয়ে জেনেভা ক্যাম্পের দুই শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারিসহ ১৫ জনকে আটক করেছে র্যাব-২। এ সময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, ওয়ান শুটার গান, গুলি, সামুরাই, চাপাতি, হেরোইন, গান পাউডার, ইয়াবা ও একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) র্যাব-২ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুর, শেরেবাংলা নগর, তেজগাঁও শিল্পাঞ্চল ও যাত্রাবাড়ীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মোহাম্মদপুরের বটতলা এলাকা থেকে জেনেভা ক্যাম্পের শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি মো. জাহিদ কাদেরী ওরফে মোল্লা জাহিদকে ৯০০ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। লাউতলা এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী ইব্রাহিম সরকার ওরফে রাব্বিকে একটি ৭.৬৫ বোরের বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলিসহ আটক করা হয়।
একই এলাকা থেকে কিশোর গ্যাং লিডার মো. রিয়াদ হোসেন ওরফে রজব আলীকে একটি চাপাতি এবং মো. রমজানকে একটি সামুরাইসহ আটক করা হয়।
অন্যদিকে, মোহাম্মদপুরের কিশালয় স্কুল এলাকা থেকে ছিনতাইকারী মো. ইয়াসিন কবির ওরফে অয়নকে একটি চোরাই মোটরসাইকেলসহ আটক করা হয়। সাত মসজিদ হাউজিং এলাকা থেকে মো. নাজমুলকে একটি সামুরাইসহ এবং লিমিটেড এলাকা থেকে একাধিক মামলার আসামি মো. জুনায়েদকে আটক করা হয়। শিয়া মসজিদ এলাকা থেকে মো. বাবু এবং মা ও শিশু হাসপাতাল এলাকা থেকে ছিনতাই মামলার আসামি মো. মাহবুবকে আটক করা হয়।
এছাড়া সাত মসজিদ হাউজিংয়ের জনতাবাজার এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে র্যাব।
র্যাব-২-এর আরেকটি দল শেরেবাংলা নগর থানার তালতলা এলাকা থেকে পাঁচটি মাদক মামলার আসামি ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত মো. মনির বেপারীকে আটক করে। একই অভিযানে তেজগাঁও শিল্পাঞ্চল থানার রেলগেট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৩৫০ গ্রাম হেরোইন ও ৮২০ গ্রাম গান পাউডার উদ্ধার করা হয়।
এদিকে, মোহাম্মদপুরের রায়েরবাজার বেড়িবাঁধের শুটকির আড়ত এলাকা থেকে ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য মো. শামীমকে একটি সামুরাইসহ আটক করা হয়।
অপরদিকে, যাত্রাবাড়ীর মুক্তিযোদ্ধা রোড এলাকায় অভিযান চালিয়ে মো. জাকির হোসেন, মো. রফিকুল ইসলাম সুমন, সোলায়মান হোসেন রাজু ওরফে রাজিব এবং মো. শফিকুর রহমানকে ১ হাজার ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
মেজর মুবীন রহমান তাপস আরও বলেন, আটক ব্যক্তিদের মধ্যে জাহিদ কাদেরীর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদকের পাঁচটি মামলা রয়েছে। ইব্রাহিম ওরফে রাব্বির বিরুদ্ধে দস্যুতার একটি মামলা রয়েছে। মনির বেপারীর বিরুদ্ধে মাদকের পাঁচটি মামলা ও দুটি ওয়ারেন্ট রয়েছে। এছাড়া রমজান, রিয়াদ, মাহবুব, সোলায়মান, শফিকুর, রফিকুল ও জাকিরের বিরুদ্ধেও মাদক, দস্যুতা, চুরি, মারামারি, ভয়ভীতি প্রদর্শন ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।
অভিযানে ১টি ৭.৬৫ বোরের বিদেশি পিস্তল, ১টি দেশীয় ওয়ান শুটার গান, ১টি ম্যাগাজিন, ৫ রাউন্ড তাজা গুলি, ৩টি সামুরাই, ১টি চাপাতি, ১ হাজার ২৫০ গ্রাম হেরোইন, ৮২০ গ্রাম গান পাউডার, ১ হাজার ৫০ পিস ইয়াবা এবং ১টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। জব্দ করা আলামত ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।
এসএএ/এসএম
