রাজধানীর হাতিরঝিল লেক থেকে পিস্তলের ৪৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে হাতিরঝিল থানাধীন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) হাতিরঝিল প্রকল্পের মহানগর পূর্ব ব্রিজের নিচে লেকের পানিতে এ ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ অনুযায়ী, মো. সেলিম নামে এক অপেশাদার ডুবুরি প্রতিদিনের মতো পানিতে পড়ে যাওয়া মোবাইল ফোন, ভাঙা লোহা, স্বর্ণালংকার, কয়েনসহ বিভিন্ন সামগ্রী সংগ্রহের উদ্দেশ্যে লেকে নামেন।
এ সময় মহানগর পূর্ব ডিউটি পোস্টে দায়িত্ব পালনরত আনসার সদস্য রিপন ডুবুরির গতিবিধি লক্ষ্য করেন। ডুবুরি পানির নিচ থেকে কী উদ্ধার করছেন তা দেখার জন্য তিনি ব্রিজের ওপর অবস্থান নেন।
এক পর্যায়ে মো. সেলিম পানির নিচ থেকে একটি পিস্তলের চার্জার এবং গুলি সদৃশ কিছু বস্তু উদ্ধার করে ওপরে তোলেন। বিষয়টি জানতে চাইলে তিনি পানির নিচ থেকে এসব বস্তু পাওয়ার কথা জানান। পরে আনসার সদস্যের অনুরোধে উদ্ধারকৃত সামগ্রীগুলো ভালোভাবে পরীক্ষা করে দেখা হয়।
পরীক্ষায় গুলি সদৃশ বস্তুগুলো পিস্তলের গুলি বলে শনাক্ত করা হয়। এ সময় একটি পিস্তলের চার্জারসহ মোট ৪৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পরে বিষয়টি তাৎক্ষণিকভাবে হাতিরঝিল আনসার ক্যাম্পের ইনচার্জ পিসি মো. মাহামুদ আলীকে জানানো হয়। পরবর্তী সময়ে আনসার ও ভিডিপির কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধারকৃত পিস্তলের ৪৮ রাউন্ড গুলি হাতিরঝিল থানায় হস্তান্তর করেন।
উদ্ধার হওয়া গুলি ও চার্জারগুলো কীভাবে লেকের পানিতে এলো, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করে দেখবে বলে জানা গেছে।
এসএএ/আরএফ
