ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব অ্যান্ডা ফিলিপ চার দিনের ঢাকা সফর শেষে আজ বুধবার বাংলাদেশ ত্যাগ করেছেন। এর আগে গত ৩০ আগস্ট তিনি ঢাকায় পৌঁছান। অবস্থানকালে তিনি বাংলাদেশের গণতান্ত্রিক পুনর্গঠন ও সংসদীয় সুসম্পর্ক বিস্তারে বিশেষ গুরুত্বারোপ করেন।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে আইপিইউ মহাসচিব ঢাকা ত্যাগ করেন বলে জানিয়েছে জাতীয় সংসদ সচিবালয়।
সফরকালে অ্যান্ডা ফিলিপ বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি, বিরোধী দলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান এমপি এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে পৃথক বৈঠকে মিলিত হন। এছাড়া, তিনি দেশের নারী সংসদ-সদস্য ও রাজনৈতিকভাবে নিপীড়িত সংসদ-সদস্যদের সঙ্গেও বিশেষ মতবিনিময় করেন।
সফরের অন্যতম প্রধান অংশ হিসেবে, আইপিইউ মহাসচিব জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেন এবং সেখানে নির্মিত জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন। সফর শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিবসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এসআর/জেআই
