বিজ্ঞাপন

শ্রম অধিকার রক্ষায় আইএলও-ইন্ডাস্ট্রিয়াল পুলিশের মতবিনিময়

শ্রম অধিকার রক্ষায় আইএলও-ইন্ডাস্ট্রিয়াল পুলিশের মতবিনিময়

বাংলাদেশে শ্রম অধিকার, শিল্পখাতে শান্তি ও স্থিতিশীলতা এবং শ্রম-সম্পর্কিত বিষয়ে দীর্ঘমেয়াদি সহযোগিতা জোরদারের লক্ষ্যে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), বাংলাদেশ ও বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ মতবিনিময় করেছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সদর দপ্তরে আইএলও, বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স তুনিওন (Max Tuñón) এবং সিনিয়র প্রোগ্রাম অফিসার রিফাত জাবীন খান ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক গাজী জসীম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

সভায় বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পক্ষ থেকে একটি উপস্থাপনা দেওয়া হয়। ইন্ডাস্ট্রিয়াল পুলিশের দৈনন্দিন কার্যক্রম, শিল্পাঞ্চলে শ্রম-সম্পর্কিত বিভিন্ন বিষয়, শ্রমিক ও শিল্পখাতের সুরক্ষা, শ্রম বিরোধ প্রতিরোধ ও সমাধানে পুলিশের ভূমিকা এবং শিল্পখাতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে শিল্পাঞ্চল পুলিশের কার্যক্রম তুলে ধরা হয় উপস্থাপনায়।

আলোচনায় আইএলওর শ্রম অধিকার, সামাজিক সংলাপ, কর্মক্ষেত্রে ন্যায়সংগত পরিবেশ এবং শোভন কর্মসংস্থানের লক্ষ্য ও বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়াল পুলিশের দায়িত্ব ও কার্যক্রমের মধ্যে পারস্পরিক মিলের বিষয়টি গুরুত্ব পায়। উভয় পক্ষই শ্রমিকদের অধিকার সুরক্ষা, শিল্পখাতে স্থিতিশীলতা এবং শ্রম-সম্পর্কিত বিষয়ে কার্যকর সহযোগিতার সুযোগ নিয়ে আলোচনা করেন।

উভয়পক্ষ ভবিষ্যতে দীর্ঘমেয়াদি সহযোগিতা ও সমন্বয় জোরদার করার বিষয়ে সম্মত হয়। আলোচনাটি পারস্পরিক বোঝাপড়া ও ভবিষ্যৎ সহযোগিতার ভিত্তি তৈরিতে একটি গুরুত্বপূর্ণ সূচনা হিসেবে বিবেচিত হয়। আইএলও এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শ্রম অধিকার, শিল্প শান্তি ও স্থিতিশীলতা এবং শ্রম-সম্পর্কিত বিষয়ে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেছে।

সভায় উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডিআইজি (অপারেশন অ্যান্ড ক্রাইম) আব্দুল্লাহ আল মামুন, ডিআইজি হারুন-উর-রশিদ হাযারী, ডিআইজি (ইন্টেলিজেন্স) রেজাউল হক এবং অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স) হাসিবুল আলম।

জেইউ/এসএএস

বিজ্ঞাপন