চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় একটি জরাজীর্ণ ঘরের ছাদ বিমের সঙ্গে গলায় দড়ি প্যাঁচানো অবস্থায় এমদাদুল ইসলাম হাবিব (৩২) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী বাংলা পাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, জঙ্গলের ভেতরে নির্মাণাধীন একটি পাকা বাড়ির একটি কক্ষে একাই থাকতেন হাবিব। বাড়িটিতে এখনো ছাদ নির্মাণ করা হয়নি। এমনকি দরজা-জানালাও ছিল না। বুধবার ওই এলাকা থেকে পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা পুলিশকে খবর দেন।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের এক কোণে ছাদ বিমের সঙ্গে ঝুলন্ত অবস্থায় হাবিবের মরদেহ দেখতে পায়। গত রোববারও (৩০ আগস্ট) হাবিবকে দেখা গিয়েছিল। ধারণা করা হচ্ছে, তিন থেকে চার দিন আগে তার মৃত্যু হয়েছে।
জানা যায়, নিহত হাবিব পূর্ব গোমদণ্ডী বাংলা পাড়ার মৃত শফিকুল ইসলামের ছেলে। তিনি পেশায় বাসচালক ছিলেন। চার বোনের একমাত্র ভাই হাবিব দীর্ঘদিন ধরে অনেকটা ভবঘুরে জীবনযাপন করতেন।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, জরাজীর্ণ ঘরের ছাদ বিমের সঙ্গে গলায় দড়ি প্যাঁচানো অবস্থায় মরদেহটি ঝুলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিন থেকে চার দিন আগে তার মৃত্যু হয়েছে।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
এমআর/এসএএস
