বিজ্ঞাপন

‘বিগত সরকার বাদ দেন’—সংসদে বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে স্পিকার

‘বিগত সরকার বাদ দেন’—সংসদে বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে স্পিকার

বিদ্যুৎ পরিস্থিতি ও জ্বালানি সংকট নিয়ে বক্তব্য দেওয়ার সময় ‘বিগত সরকারগুলোর ভুল নীতি’র প্রসঙ্গ তুললে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে থামিয়ে দেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, ‘মাননীয় মন্ত্রী, বিগত সরকার বাদ দেন।’

বুধবার (২ সেপ্টেম্বর) সংসদে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে আলোচনার সময় এ ঘটনা ঘটে।

নিজের বক্তব্যে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত অতীতে বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হলেও জ্বালানি সরবরাহ নিশ্চিত না করা, বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার সক্ষমতা না বাড়ানো এবং জ্বালানি উৎসে বৈচিত্র্য না আনার সমালোচনা করেন। 

প্রতিমন্ত্রী বলেন, ‘আমি সরকারের বিগত সরকারগুলোর ভুল নীতির কথা বলেছিলাম।’

এ সময় প্রতিমন্ত্রীকে উদ্দেশ করে স্পিকার বলেন, ‘মাননীয় মন্ত্রী, বিগত সরকার বাদ দেন। এখন আপনার পরিকল্পনা তো বলেছেন।’ 

এরপর তিনি বলেন, ‘আমি এক মিনিটে শেষ করব।’ তারপর তিনি বলেন, ‘বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হয়েছে, কিন্তু জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হয়নি। একের পর এক বিদ্যুৎকেন্দ্র তৈরি করা হলেও সেগুলোতে জ্বালানি সরবরাহ নিশ্চিত না হওয়ায় রাষ্ট্রীয় সম্পদের অপচয় হয়েছে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বিদ্যুৎ বিতরণ ও সঞ্চালন লাইনের সক্ষমতা বৃদ্ধিতেও বিগত দেড় যুগে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে সরবরাহ ও চাহিদার মধ্যে বড় পার্থক্য না থাকলেও গ্রামাঞ্চলে দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকতে হচ্ছে।’

তিনি বলেন, ‘জ্বালানির উৎসে বৈচিত্র্য না থাকায় মধ্যপ্রাচ্যে সংকটের পর জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে। তবে বর্তমান সরকার উৎস বৈচিত্র্য এবং নবায়নযোগ্য জ্বালানির দিকে মনোযোগ দিয়েছে।

এর আগে বিদ্যুৎ পরিস্থিতির মধ্যমেয়াদি সমাধান হিসেবে রুফটপ সোলার স্থাপনের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি জানান, সরকারি-বেসরকারি ভবনের ছাদে বেসরকারি উদ্যোক্তাদের মাধ্যমে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি উদ্বৃত্ত বিদ্যুৎ সরকারের কাছে প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সায় বিক্রির সুযোগ এবং সৌরবিদ্যুৎ সরঞ্জাম আমদানিতে বিশেষ শুল্ক সুবিধা দেওয়ার কথাও জানান তিনি।

এমএসআই/এমএসএ