মেধাবী, দক্ষ ও নৈতিক তরুণদের হাত ধরেই একটি বৈষম্যহীন, মানবিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য সাঈদ আল নোমান।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অডিটোরিয়ামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে এসএসসি ও সমমান পরীক্ষায় গোল্ডেন এ প্লাসপ্রাপ্ত চার শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে সাঈদ আল নোমান বলেন, শিক্ষার্থীদের এই সাফল্যের পেছনে বাবা-মা ও শিক্ষকদের দীর্ঘদিনের ত্যাগ, পরিশ্রম ও ভালোবাসা রয়েছে। ভবিষ্যৎ জীবনে আরও বড় অর্জনের জন্য শিক্ষার্থীদের অধ্যবসায়, সততা ও নৈতিকতার সঙ্গে এগিয়ে যেতে হবে।
দেশের ভবিষ্যৎ ও রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, রাষ্ট্র ও সমাজের প্রতিটি স্তরে জবাবদিহি নিশ্চিত করা জরুরি। নেতৃত্ব কোনো ক্ষমতা বা রাজকীয় পদ নয়, নেতৃত্ব হলো জনগণের সেবা করার দায়িত্ব। তরুণদের দেশের প্রয়োজনে রাজনীতি ও রাষ্ট্রব্যবস্থা সম্পর্কে সচেতন নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।
প্রযুক্তির গুরুত্ব তুলে ধরে সাঈদ আল নোমান বলেন, বর্তমান বিশ্বে প্রযুক্তিকে উপেক্ষা করে সামনে এগিয়ে যাওয়া সম্ভব নয়। তবে প্রযুক্তির পাশাপাশি মেধা, জ্ঞান ও শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। নিজেদের কোনো সীমাবদ্ধতার মধ্যে আবদ্ধ না রেখে নতুন চিন্তা, উদ্ভাবন ও সৃজনশীলতার মাধ্যমে দেশের উন্নয়নে তরুণদের ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, দীর্ঘদিনের স্থবিরতা ও মেধার অবমূল্যায়ন দূর করে তরুণ প্রজন্মকে সততা, যোগ্যতা ও মেধার মাধ্যমে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। এমন একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে ধনী-গরিব নির্বিশেষে প্রত্যেক নাগরিকের জন্য স্বাস্থ্যসেবা ও মৌলিক অধিকার নিশ্চিত হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রমবিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিমুদ্দিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস এম নছরুল কদির, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ নাজিম উদ্দিন, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লুৎফুর রহমান এবং ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ছিদ্দিক আহমদ চৌধুরীসহ বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনীতিবিদ।
আরএমএন/এমএসএ
