মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য সংরক্ষণ এবং প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় রাজধানীর জিগাতলার হেরিটেজ ইন্টার কন্টিনেন্টাল রেস্তোরাঁকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সাত মসজিদ রোডের ৫৩ নম্বরে অবস্থিত রেস্তোরাঁটিতে অভিযান পরিচালনা করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিরাজুম মুনীরা কায়ছানের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানে রেস্তোরাঁটির রেফ্রিজারেটরে মেয়াদোত্তীর্ণ অনথন পাতি ও ক্র্যাব সস সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া আমদানিকারকের তথ্যবিহীন বিভিন্ন বিদেশি খাদ্যপণ্যও সংরক্ষণ ও ব্যবহার করা হচ্ছিল।
এসব খাদ্যপণ্যের মধ্যে সয়া সস, চিকেন পাউডার ও কাশ্মিরি মরিচসহ বিভিন্ন উপকরণ ছিল। এ ছাড়া রেস্তোরাঁ কর্তৃপক্ষ হালনাগাদ ট্রেড লাইসেন্স, রেস্তোরাঁ নিবন্ধন সনদ এবং পানি পরীক্ষার সনদ দেখাতে পারেনি বলে জানানো হয়েছে।
এসব অপরাধে দোষ স্বীকারের ভিত্তিতে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী রেস্তোরাঁটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন, নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূইয়াসহ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং ব্যাটালিয়ন আনসারের সদস্যরা।
/এমএইচএন/এমএসএ
