প্রত্যেক শিক্ষার্থী একটি করে গাছ লাগালে সবুজ বাংলাদেশ গড়া সম্ভব বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। বুধবার (২ সেপ্টেম্বর) চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ স্কুল অ্যান্ড কলেজ মাঠে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বর্তমান সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এ কর্মসূচি পালন করা হচ্ছে।
মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, “ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচির মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীকে একটি করে গাছ লাগানোর সঙ্গে সম্পৃক্ত করা গেলে তাদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি হবে। শিক্ষার্থীরা ছোট একটি গাছ যত্ন নিয়ে বড় করে তুললে সেটিই ভবিষ্যতে দেশ ও মানুষের জন্য বড় সম্পদে পরিণত হবে। এ কর্মসূচি একটি প্রজন্মকে পরিবেশবান্ধব ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
প্রতিমন্ত্রী আরও বলেন, বৃক্ষ মানুষকে অক্সিজেন দেওয়ার পাশাপাশি পরিবেশের তাপমাত্রা নিয়ন্ত্রণ, মাটি ও পানি সংরক্ষণ এবং জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বৃক্ষরোপণকে শুধু সরকারি কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না রেখে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।
এ ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে উল্লেখ করে তিনি দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ এবং গাছ সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানান।
চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ফরহাদাবাদ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।
এনামুল হক নাবিদ/এসএমডব্লিউ
