চট্টগ্রামের হালিশহরে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে ট্রাক থেকে ফিশিং বোটে স্থানান্তরের সময় ১১ টন রাসায়নিক সার জব্দ করেছে কোস্ট গার্ড। এ ঘটনায় তিন পাচারকারীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে কোস্টগার্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
কোস্ট গার্ড জানায়, বুধবার (২ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে হালিশহর থানার দবিরখাল এলাকায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রামের সদস্যরা অভিযান চালিয়ে এসব সার জব্দ করেন।
অভিযানকালে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে ট্রাক থেকে একটি ফিশিং বোটে সার স্থানান্তর করা হচ্ছিল। এ সময় প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ২২০ বস্তা (১১ হাজার কেজি) সার জব্দ করা হয়। পাশাপাশি পাচারকাজে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ এবং তিন পাচারকারীকে আটক করা হয়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দ করা সার, ট্রাক ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হালিশহর থানায় হস্তান্তর করা হয়েছে।
এনামুল হক নাবিদ/এমএসএ
