শিল্পী ফারিহা জেবারের তত্ত্বাবধানে আয়োজিত দলীয় শিল্পকর্ম প্রদর্শনী ‘না বলা কথা’ (‘আনটোল্ড স্টোরি’) আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
প্রদর্শনীটির উদ্বোধন করেন শেলটেক গ্রুপ ও এনভয় লিগ্যাসির ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে ফ্রান্স দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ফ্রেদেরিক ইনজা।
শিল্পীদের বই ও সমকালীন শিল্পকর্মের সমন্বয়ে আয়োজিত ‘না বলা কথা’ প্রদর্শনীতে স্মৃতি, আত্মপরিচয়, ঐতিহ্য, হারানোর অনুভূতি, আকাঙ্ক্ষা এবং মানুষের জীবনের নানামাত্রিক অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। চিত্রকর্ম, ড্রয়িং, কোলাজ, এমব্রয়ডারি, টেক্সটাইল, সংগৃহীত বিভিন্ন বস্তু এবং পরীক্ষামূলক বইয়ের মাধ্যমে শিল্পীরা এমন সব গল্পকে দৃশ্যমান রূপ দিয়েছেন, যা অনেক সময় ব্যক্তিগত, বিচ্ছিন্ন কিংবা অনুচ্চারিত রয়ে যায়।
প্রদর্শনীর কেন্দ্রীয় অনুষঙ্গ হিসেবে রয়েছে ‘আর্টিস্টস বুক’ বা শিল্পীর বই। এখানে বইকে কেবল পাঠের উপকরণ হিসেবে নয়, বরং একটি স্বতন্ত্র শিল্পমাধ্যম হিসেবে উপস্থাপন করা হয়েছে, যার মাধ্যমে স্মৃতি ও ব্যক্তিগত ইতিহাস সংরক্ষণ, পুনর্গঠন এবং নতুনভাবে ব্যাখ্যা করা সম্ভব।
প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীরা হলেন এশা আহমেদ, ফ্লাভিয়া মারিন চৌধুরী, কাজরীন সামিয়া, সুমাইয়া চৌধুরী, সুমনা আক্তার ও সুরভী আক্তার। অতিথি শিল্পী হিসেবে অংশ নিয়েছেন আলমা কামাল, অর্পিতা সিং, মাহমুদা সিদ্দিকা, রাফিয়া মাহজাবিন, ঋতুপর্ণা সাহা ও ভেনিসা কামারা।
‘না বলা কথা’ প্রদর্শনীটি আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
এসএএস
