ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে ভর্তুকিমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ বাজারে মূল্যচাপ কমিয়ে সার্বিক দাম স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদে সংসদ সদস্য রোকেয়া বেগমের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধ মজুতদারি, অযৌক্তিক মূল্যবৃদ্ধি ও অন্যান্য অনিয়মের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানি সহজীকরণ, প্রয়োজনীয় শুল্ক ও কর সমন্বয় এবং ব্যবসায়ী-আমদানিকারকদের সঙ্গে নিয়মিত আলোচনা চালানো হচ্ছে।
তিনি বলেন, ভোজ্য তেল, চিনি, আটা, ডাল ও মসলাসহ প্রয়োজনীয় সব পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার সাপ্লাই চেইন স্থিতিশীল রাখার চেষ্টা করছে। এ লক্ষ্যে উৎপাদক, আমদানিকারক, পাইকারি ও খুচরা-প্রতিটি পর্যায়ে পণ্যের মজুত ও দামের ওপর নজরদারি জোরদার করা হয়েছে। সরবরাহ ব্যবস্থার যেকোনো ব্যাঘাত দ্রুত দূর করতে উদ্যোগ নেওয়া হয়েছে বলেও সংসদে জানান তিনি।
এসআর/আরএফ
