বিজ্ঞাপন

নোংরা পরিবেশে মিষ্টি তৈরি, বিভিন্ন দোকানে সরবরাহ

নোংরা পরিবেশে মিষ্টি তৈরি, বিভিন্ন দোকানে সরবরাহ

নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করে রাজধানীর বিভিন্ন মিষ্টির দোকানে সরবরাহের অভিযোগে মিরপুরের একটি নামবিহীন প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকা মহানগরীর মিরপুরের ই-১, ইস্টার্ন হাউজিং এলাকায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

বিএসটিআই জানায়, প্রতিষ্ঠানটি কোনো মান সনদ লাইসেন্স ছাড়াই সুইট মিট, রসগোল্লা, সন্দেশসহ বিভিন্ন ধরনের মিষ্টি উৎপাদন, বিক্রি ও বাজারজাত করছিল।

অভিযানের সময় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি উৎপাদনের চিত্র পাওয়া যায়। সেখানে উৎপাদিত মিষ্টি বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডার, নেভি মুসলিম সুইটস, রসের হাড়ি এবং কালশীর মোড় এলাকার বিভিন্ন মিষ্টির দোকানে সরবরাহ করা হতো বলে অভিযানে তথ্য পাওয়া গেছে।

বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলামের নেতৃত্বে এবং এপিবিএন-১১-এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮-এর ৩১ ধারায় প্রতিষ্ঠানটিকে সতর্কতামূলকভাবে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে দ্রুত পরিবেশের মানোন্নয়ন, বিএসটিআইয়ের মান সনদ ও পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ নেওয়ার নির্দেশ দেওয়া হয়। প্রয়োজনীয় অনুমোদন ছাড়া কোনো পণ্য বাজারজাত না করতেও বলা হয়।

অভিযানে বিএসটিআইয়ের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ফিল্ড অফিসার (সিএম) নুর জাহান এবং পরীক্ষক (মেট্রোলজি) শিখন সাহা।

বিএসটিআই জানায়, ভোক্তাদের জন্য নিরাপদ ও মানসম্মত খাদ্যপণ্য নিশ্চিত করতে লাইসেন্সবিহীন এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

এমএইচএন/আরএফ