রাজধানীর রূপনগর এলাকায় একটি টিনশেড বাসা থেকে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে রূপনগর থানাধীন বাসা-৩০, রোড-২, সেকশন-৫, রূপনগর টিনশেড এলাকার একটি টিনশেড দোতলা বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, কক্ষের ভেতর নারীর মরদেহ পড়ে থাকার খবর পেয়ে রূপনগর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। সিআইডির ফরেনসিক টিম ওই আলামত সংগ্রহের কাজ করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারীকে দুই থেকে তিন দিন আগে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তার পরিচয় ও মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।
ঘটনাস্থলে রূপনগর থানা পুলিশ ও সিআইডির ফরেনসিক টিম কাজ করছে। এ ঘটনায় রূপনগর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এই বিষয়ে জানতে চাইলে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোস্তাক আহমেদ বলেন, ঘটনাস্থলে আমাদের পুলিশ ও সিআইডির টিম কাজ করছে। অর্ধগলিত এক নারীর মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তবে এটি হত্যা বা আত্মহত্যা নাকি সাধারণভাবে মারা গেছেন— সে বিষয়টি প্রাথমিকভাবে জানতে পারিনি। থানা পুলিশের সঙ্গে কথা বলে বিস্তারিত পরে জানাবো।
এসএএ/এসএএস
