রাজধানীর ডেমরায় মো. দেলোয়ার হোসেন (৪৫) নামে এক অটোচালককে মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। মাত্র ১৫০ টাকা পাওনা চাওয়াকে কেন্দ্র করে পূর্বপরিচিত রনির সঙ্গে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।
ঘটনার পর স্থানীয়রা রনিকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ডেমরার কামারভোগ এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেলোয়ারের মরদেহ উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
নিহত দেলোয়ার হোসেন ডেমরার কামারভোগ এলাকার মৃত রাজ্জাক মিয়ার ছেলে। আর রনি একই এলাকার আফজাল মিয়ার ছেলে। পূর্বপরিচিত হওয়ায় তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) শীতল কুমার বলেন, দেলোয়ার ও রনি পরস্পরের পূর্বপরিচিত। প্রাথমিকভাবে জানা গেছে, দেলোয়ার রনির কাছে ১৫০ টাকা পেতেন। ওই টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা-কাটাকাটি ও একপর্যায়ে ঝগড়া হয়। পরে রনি ইট দিয়ে দেলোয়ারের মাথায় আঘাত করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পুলিশ জানায়, রাত ২টা থেকে ভোর ৫টার মধ্যে যে-কোনো সময় ঘটনাটি ঘটতে পারে। মাথায় গুরুতর আঘাতের কারণে ঘটনাস্থলেই দেলোয়ারের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, রনি মাদকাসক্ত এবং মাদক বিক্রির সঙ্গে জড়িত বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত তদন্ত এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
পাওনা ১৫০ টাকা চাওয়াকে কেন্দ্র করেই হত্যাকাণ্ড ঘটেছে কি না, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। একই সঙ্গে ঘটনার সময় সেখানে আর কেউ উপস্থিত ছিলেন কি না এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ইটটি কোথায় রয়েছে, সেসব বিষয়েও তদন্ত করা হচ্ছে।
এসএএ/জেআই
