চট্টগ্রামের পটিয়ায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) শিল্পনগরীর একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে। এতে শিল্পনগরীর গত দুই দিন ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
সূত্র বলছে, গত বুধবার (৩ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে কোনো একসময় চট্টগ্রাম-কক্সবাজার-আরাকান সড়কের দক্ষিণ পাশে বিসিক শিল্পনগরীর প্রথম প্রবেশপথে বৈদ্যুতিক খুঁটিতে স্থাপিত ট্রান্সফরমারটি চুরি করে নিয়ে যায় অজ্ঞাতনামা চোরেরা।
স্থানীয় সূত্র জানায়, রাতের আঁধারে সংঘবদ্ধ চোরের দল বৈদ্যুতিক খুঁটিতে উঠে ট্রান্সফরমারটি নিচে নামিয়ে নেয়। পরে ট্রান্সফরমারের ভেতরের মূল্যবান তামার তার ও তেল বের করে নিয়ে খোলসটি ফেলে রেখে যায় বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার সকালে স্থানীয়রা খুঁটিতে ট্রান্সফরমার না দেখে বিষয়টি চট্টগ্রাম পল্লি বিদ্যুৎ সমিতি-১-এর সদর দপ্তর ও থানা পুলিশকে জানান।
পটিয়া বিসিক শিল্পনগরীর কর্মকর্তা রমেশ চন্দ্র সানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রান্সফরমার চুরির কারণে বিসিক শিল্পনগরীর কার্যালয়সহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
বিসিক শিল্পনগরী পটিয়া কার্যালয় থেকে চট্টগ্রাম পল্লি বিদ্যুৎ সমিতি-১ কর্তৃপক্ষকে বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছে। একই সঙ্গে চুরি হওয়া ট্রান্সফরমার উদ্ধার এবং ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।
চিঠিতে বলা হয়, ট্রান্সফরমার চুরি হওয়ায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিসিক শিল্পনগরী পটিয়ার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে শিল্পনগরীর স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করা যাচ্ছে না। পাশাপাশি রাতে আবারও অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ সদর দপ্তরের সিনিয়র জেনারেল ম্যানেজার মো. সরোয়ার জাহান বলেন, ভুক্তভোগী গ্রাহকের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জেআই
