র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে নতুন নামে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনের উদ্যোগকে পুরোনো ক্ষমতার কাঠামোর পুনরুজ্জীবন বলে মন্তব্য করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। দলটির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেছেন, শুধু নাম পরিবর্তন করে র্যাবের জনবল, সম্পদ, ক্ষমতা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা নতুন বাহিনীতে বহাল রাখা কোনো প্রকৃত সংস্কার নয়।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর সিরাজুল আলম খান সেন্টারে জেএসডি ও সহযোগী সংগঠনের যৌথ সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন দলের সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব।
শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, র্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের নামে মূলত র্যাব-কেই নতুন নামে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা এ ধরনের নাম পরিবর্তনের সংস্কার মেনে নিতে পারি না।
তিনি বলেন, র্যাবের বিরুদ্ধে গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগ ও অভিজ্ঞতা তৈরি হয়েছে। সেই বাহিনীর জনবল, সম্পদ, ক্ষমতা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা যদি নতুন নামে এসআরবি মধ্যে বহাল থাকে, তাহলে সেটি কোনো প্রকৃত সংস্কার নয়; বরং পুরোনো ক্ষমতার কাঠামোর পুনরুজ্জীবন।
সভায় তানিয়া রব বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী বাস্তবতায় রাষ্ট্র রূপান্তরের লক্ষ্যে অংশীদারিত্বের গণতন্ত্রকে সংস্কারের মৌলিক ভিত্তি হিসেবে গ্রহণ করে জেএসডি তার আন্দোলন-সংগ্রাম অব্যাহত রাখবে।
তিনি বলেন, রাষ্ট্রের বলপ্রয়োগের ক্ষমতা জনগণের অধিকার ও আইনের শাসনের অধীন থাকবে। কোনো বাহিনী বা প্রতিষ্ঠান জনগণের ঊর্ধ্বে থাকবে না।
তানিয়া রব বলেন, নতুন নামে পুরোনো ক্ষমতার পুনর্বিন্যাস নয়, জনগণের সার্বভৌমত্ব, মানবিক মর্যাদা ও জবাবদিহিভিত্তিক নতুন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠাই হবে গণঅভ্যুত্থানের রাজনৈতিক অঙ্গীকার।
সভায় আরও বক্তব্য দেন— জেএসডির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, মোহাম্মদ তৌহিদ হোসেন, কে এম জাবির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমান প্রমুখ।
এএইচআর/এমএন
