বিজ্ঞাপন

চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে স্কুলশিক্ষক গুরুতর আহত

চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে স্কুলশিক্ষক গুরুতর আহত

চট্টগ্রামের লোহাগাড়ায় পূর্ববিরোধের জেরে নজরুল ইসলাম নামে এক স্কুলশিক্ষকের ওপর হামলা ও ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এতে তার শরীরের অন্তত পাঁচ স্থানে গুরুতর জখম হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শহীদ মেজর নাজমুল হক সড়কে এ ঘটনা ঘটে।

আহত নজরুল ইসলাম ইকরা আবদুল জব্বার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। তিনি লোহাগাড়া সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উকিলের পাড়ার আবদুল গনির ছেলে। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

নজরুল ইসলামের ভাই নাজিম উদ্দীন জানান, ঘটনার দিন তার ভাই পুরাতন মা-মণি হাসপাতালের পেছনে আমিরাবাদ চেরিগ্রাম এলাকার একটি স্কুলের পাশে টিউশনি শেষে বাড়ি ফিরছিলেন। পথে ৬-৭ জন দুর্বৃত্ত তাকে ঘিরে ধরে। কিছু বুঝে ওঠার আগেই তারা নজরুলকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ইকরা আবদুল জব্বার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন সুমন বলেন, গত ২২ আগস্ট কিশোর গ্যাংয়ের সদস্যরা বিদ্যালয়ের এক ছাত্রকে তুলে নিয়ে গিয়েছিল। এ ঘটনায় আহত নজরুল ইসলামের ভাই ও বিদ্যালয়ের শিক্ষক নাজিম উদ্দীন তার সঙ্গে থানায় গিয়েছিলেন। এ কারণে কিশোর গ্যাংয়ের সদস্যরা নাজিম উদ্দীনের ওপর ক্ষিপ্ত হয়ে থাকতে পারে। সেই বিরোধের জেরে নাজিম উদ্দীনকে ভেবে তার ভাই নজরুল ইসলামকে ছুরিকাঘাত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মোহাম্মদ হোসাইন আল ইমরান বলেন, একজন আহত শিক্ষককে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। তার শরীরের প্রায় পাঁচ স্থানে গুরুতর জখমের চিহ্ন পাওয়া গেছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

এনামুল হক নাবিদ/এএমকে

বিজ্ঞাপন