বিজ্ঞাপন

ফেনী সীমান্তে গুলিবিদ্ধ কৃষক, শরীরে গুলি নিয়ে চমেক হাসপাতালে ভর্তি

ফেনী সীমান্তে গুলিবিদ্ধ কৃষক, শরীরে গুলি নিয়ে চমেক হাসপাতালে ভর্তি

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মোশাররফ (৪৫) নামে এক কৃষক আহত হয়েছেন। গুলি তার পিঠের বাম পাশে লাগে। পরে আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে ছাগলনাইয়া উপজেলার পূর্বজয়নগর সীমান্তের কাছে নিজ জমিতে চাষাবাদ করার সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন আহত মোশাররফ।

আহত মোশাররফ ছাগলনাইয়া উপজেলার জয়নগর এলাকার পঁচা মিয়ার বাড়ির বাসিন্দা। তার বাবার নাম মৃত মো. মোস্তফা।

আহত মোশাররফের ভাষ্য, জমিতে চাষাবাদ করার সময় হঠাৎ ভারতীয় বিএসএফের ছোড়া গুলি এসে তার পিঠের বাম পাশে লাগে। এতে তিনি আহত হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর তাকে ২ নম্বর ওয়ার্ডের ক্যাজুয়ালটি বিভাগে ভর্তি করা হয়। চিকিৎসকেরা তার শরীর থেকে গুলির কিছু অংশ বের করতে সক্ষম হয়েছেন। তবে আরও কিছু অংশ শরীরের ভেতরে রয়ে গেছে বলে জানিয়েছেন আহত মোশাররফ।

আহত মোশাররফের বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, সীমান্ত এলাকায় কাজ করতে গিয়ে তিনি তিনি হয়েছেন। শুক্রবার রাতে তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়।

আরএমএন/এসএএস

বিজ্ঞাপন