বিজ্ঞাপন

ব্যাংক রেজল্যুশন সংশোধন বিল সংসদে পাসের সুপারিশ

ব্যাংক রেজল্যুশন সংশোধন বিল সংসদে পাসের সুপারিশ

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পুঙ্খনাপুঙ্খ যাচাই-বাছাই ও পর্যালোচনা শেষে সংশোধিত আকারে সংসদে পাসের সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

শনিবার (০৫ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠকে এই সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মুশফিকুর রহমান।

বৈঠকে 'ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬' নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত কমিটি সদস্যরা বিলটির বিভিন্ন দিক গভীরভাবে পর্যালোচনা করেন এবং প্রয়োজনীয় সংশোধন এনে তা জাতীয় সংসদে উত্থাপন ও পাসের জন্য চূড়ান্ত সুপারিশ অনুমোদন করেন।

গুরুত্বপূর্ণ এই বৈঠকে কমিটির সদস্য ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি, কমিটি সদস্য মঈনুল ইসলাম খান, মো. শাহাদাত হোসেন, মো. সাইফুল আলম এবং সৈয়দ জয়নুল আবেদীন।

বৈঠকে ব্যাংকিং ও আর্থিক খাতের এ সংক্রান্ত সংশোধনীর নানা কারিগরি ও আইনি দিক তুলে ধরা হয়। এ সময় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও অর্থ বিভাগের সচিব, বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অর্থ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসআর/জেডএস

বিজ্ঞাপন