অপচিকিৎসা দেওয়া ও অননুমোদিত সাপ্লিমেন্ট ব্যবহারের অভিযোগে চিকিৎসক ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. ইন্দ্রজিৎ প্রসাদের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে ছয় সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে।
গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিকগুলোর পরিচালক ডা. মো. নূরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়, গত ৫ মে অধ্যাপক ডা. ইন্দ্রজিৎ প্রসাদ অপচিকিৎসা প্রদান ও অননুমোদিত সাপ্লিমেন্টের ব্যবহার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে অভিযোগ দাখিল করেন। অভিযোগটি সুষ্ঠুভাবে তদন্ত করে সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন দিতে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সভাপতি করা হয়েছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ও মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ মনির-উজ-জামানকে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এম এ হালিম খান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হাসান হাফিজুর রহমান, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নুরজাহান বানু এবং বারডেম হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আজিমুন্নেছা শিউলী।
এ ছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (হাসপাতাল-১) ডা. মো. মাহমুদুর রহমানকে কমিটির সদস্যসচিব করা হয়েছে। চিঠিতে কমিটিকে অভিযোগের বিষয়গুলো তদন্ত করে সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১০ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন স্বাস্থ্য অধিদপ্তরে জমা দিতে বলা হয়েছে।
এমএল/জেডএস
