বিজ্ঞাপন

ডা. জাহিদ

বাংলাদেশ বিনির্মাণে সমাজের সবাইকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হচ্ছে

বাংলাদেশ বিনির্মাণে সমাজের সবাইকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হচ্ছে

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যে অন্তর্ভুক্তিমূলক মানবিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছেন, সেখানে সমাজের সব শ্রেণি ও পেশার মানুষকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হচ্ছে। সমাজে বসবাসকারী প্রতিটি মানুষই বিভিন্ন আঙ্গিকে শ্রমিক, তাদের শ্রমের ধরন ও ক্ষেত্র কেবল আলাদা।

​শনিবার (০৫ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ’ (বিলস)-এর ১০ম দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

অনুষ্ঠানে স্বাগত ও সূচনা বক্তব্য দেন বিলস-এর প্রতিষ্ঠাতা ও মহাসচিব প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহ্দী আমিন এবং অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।

​মন্ত্রী বলেন, সমাজে যার যা অর্জন, তা যদি আমরা স্বীকৃতি দেই, তবে বহু সমস্যার সমাধান সহজ হয়ে যায়। সমাজে বিদ্যমান সবকিছুতে ‘আমি’র পরিবর্তে যদি ‘আমরা’ শব্দটি আন্তরিকভাবে ধারণ ও ব্যবহার করা যায়, তবে সমাজ আরও সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক হয়ে উঠবে।

তিনি আরও বলেন, সমাজের প্রান্তিক শ্রমিক, অসহায় ও দুস্থ মানুষের সামাজিক নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার অঙ্গীকার থেকে সরকার দেশব্যাপী ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করছে।

​অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহ্দী আমিন বলেন, ন্যায্য মজুরি কোনো করুণা বা দাবির বিষয় নয়, এটি শ্রমিকের ন্যায্য অধিকার ও প্রাপ্য। তিনি উল্লেখ করেন, সাড়ে সাত কোটি শ্রমজীবী মানুষের স্বতঃস্ফূর্ত আস্থায় নির্বাচিত বর্তমান সরকার তাদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। টেকসই শিল্প ও সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করতে তিনি শ্রমিক, মালিক ও সরকারের মধ্যে পারস্পরিক আস্থা এবং নিয়মিত ত্রিপক্ষীয় সংলাপের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান সচিব আবদুর রহমান তরফদার, আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুটন, নেদারল্যান্ডসের ডেপুটি অ্যাম্বাসেডর মিসেস জান্না ভ্যান ডার লিন্ডেন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ‘বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান লাইব্রেরি ও বিলস তথ্যকেন্দ্র’-এর উদ্বোধন করেন।

এসএইচআর/জেডএস