বিজ্ঞাপন

ভাড়াটিয়া যাচাই ছাড়া প্লট-ফ্ল্যাট ভাড়া নয় : মালিকদের সতর্ক করল র‌্যাব

ভাড়াটিয়া যাচাই ছাড়া প্লট-ফ্ল্যাট ভাড়া নয় : মালিকদের সতর্ক করল র‌্যাব

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় মাদক, কিশোর গ্যাং, ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে প্লট ও ফ্ল্যাট মালিকদের ভাড়াটিয়া যাচাই করে বাসা ভাড়া দেওয়ার আহ্বান জানিয়েছে র‌্যাব। একইসঙ্গে খালি প্লটে অপরাধীদের আশ্রয় দেওয়ার বিষয়ে মালিকদের সতর্ক করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) র‌্যাব-২ অধিনায়কের কার্যালয়ে স্থানীয় সুধীজন ও বিভিন্ন হাউজিং সোসাইটির প্রতিনিধিদের নিয়ে ‘টাউন হল মিটিং’ শীর্ষক এক মতবিনিময় সভায় এ কথা বলা হয়। সভায় সভাপতিত্ব করেন র‌্যাব-২ সিপিএসসির কোম্পানি কমান্ডার হাসান মুহাম্মদ মুহতারিম।

সভায় মোহাম্মদপুর ও আদাবর থানাধীন বিভিন্ন হাউজিং সোসাইটির ১৩ জন প্রতিনিধি এবং র‌্যাব-২-এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হাসান মুহাম্মদ মুহতারিম বলেন, মোহাম্মদপুর এলাকার বিভিন্ন হাউজিংয়ে প্লট মালিকরা খালি প্লট ভাড়া দিয়ে থাকেন। এসব প্লটে অনেক সময় ছাপড়া ঘর তুলে বাছ-বিচার না করে শ্রমজীবী মানুষকে ভাড়া দেওয়া হয়। শ্রমজীবীর পরিচয়ের আড়ালে অনেক অপরাধী এসব স্থানে আশ্রয় নিয়ে এলাকায় অপরাধপ্রবণতা তৈরি করছে এবং মাদকের বিস্তার ঘটাচ্ছে।

তিনি বলেন, প্লট বা ফ্ল্যাট ভাড়া দেওয়ার আগে অবশ্যই ভাড়াটিয়ার পরিচয় ও তথ্য যাচাই করতে হবে। একইসঙ্গে ডিএমপির নির্ধারিত ভাড়াটিয়া ফর্ম পূরণের নীতিমালা মেনে চলতে হবে। অপরাধ নির্মূলে প্লট মালিক ও হাউজিং সোসাইটির সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।

র‌্যাবের এই কর্মকর্তা আরও বলেন, অনুমোদনহীনভাবে কোনো প্লটে বসবাসকারী ব্যক্তি অপরাধে জড়িয়ে পড়লে কিংবা সেখানে কোনো অবৈধ পণ্য মজুত রাখলে শুধু ওই ব্যক্তি নয়, প্লট বা ফ্ল্যাটের মালিকের ভূমিকাও আইনগতভাবে খতিয়ে দেখা হবে। তাই ভাড়াটিয়া নির্বাচনের ক্ষেত্রে মালিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

সভায় গত ২৯ আগস্ট অনুষ্ঠিত মতবিনিময় সভায় উত্থাপিত বিভিন্ন অভিযোগের প্রসঙ্গ তুলে ধরা হয়। বিশেষ করে খালি প্লটে অপরিকল্পিতভাবে বসতি গড়ে ওঠা এবং সেসব স্থানে অপরাধীদের আশ্রয় নেওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়।

হাসান মুহাম্মদ মুহতারিম বলেন, অপরাধমুক্ত মোহাম্মদপুর গড়তে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় বাসিন্দা, প্লট মালিক, হাউজিং সোসাইটি ও জনপ্রতিনিধিদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি স্থানীয়দের উদ্দেশে যেকোনো অপরাধের তথ্য নির্ভয়ে র‌্যাবকে জানানোর আহ্বান জানান।

সভায় উপস্থিত হাউজিং সোসাইটির প্রতিনিধিরা র‌্যাবের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন। তারা নিজ নিজ এলাকায় আরও সচেতন হওয়ার পাশাপাশি অপরাধ প্রতিরোধে র‌্যাবকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।

এদিকে র‌্যাব-২ জানিয়েছে, অপরাধ ও অপরাধীদের বিষয়ে তথ্য দিতে ০১৭৭৭৭১০২৯৯ নম্বরে সার্বক্ষণিক যোগাযোগ করা যাবে। তথ্য প্রদানকারীর পরিচয় সর্বোচ্চ গোপনীয়তা রক্ষা করা হবে।

অপরাধ প্রতিরোধে স্থানীয়দের সম্পৃক্ততা বাড়াতে এ ধরনের মতবিনিময় কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে র‌্যাব-২।

এসএএ/জেডএস