চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলায় বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটি জব্দ এবং চালককে আটক করেছে পুলিশ।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে মহাসড়কের শাহসুফি মাজার গেট বটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন লোহাগাড়া উপজেলার পদুয়া দক্ষিণ আমিরাবাদের তোফায়েল মুরছালীন (২৩) এবং চন্দনাইশ উপজেলার উত্তর কাঞ্চননগর ৫ নম্বর ওয়ার্ডের মৃত কালু মিয়ার ছেলে আব্দুল গফুর (৬০)। তোফায়েল মুরছালীন বেগম ওসমান আরা কলেজ অব নার্সিংয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিশা প্লাটিনাম পরিবহনের চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী একটি এসি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ পাঁচজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তোফায়েল মুরছালীনকে মৃত ঘোষণা করেন। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে আব্দুল গফুর মারা যান।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী বলেন, বাস ও অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। বাসচালক সোলাইমান বাদশাকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমআর/জেডএস
