২য় জাতীয় জুডো কাতা প্রতিযোগিতা-২০২৬-এ অসাধারণ ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে চ্যাম্পিয়ন হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জুডো দল।
শনিবার (৫ সেপ্টেম্বর) ঢাকার হ্যান্ডবল স্টেডিয়ামে বাংলাদেশ জুডো ফেডারেশনের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে বিজিবি, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ আনসার ও ভিডিপি, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এবং ঢাকার উত্তরা কলেজ- এই পাঁচটি দল অংশ নেয়।
প্রতিযোগিতার একটি ইভেন্টে বিজিবি জুডো দলের চারজন খেলোয়াড় অংশ নিয়ে একটি স্বর্ণ ও একটি তাম্রপদক অর্জন করেন। এর মাধ্যমে দলীয়ভাবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বিজিবি। অন্যদিকে একটি রৌপ্য ও একটি তাম্রপদক পেয়ে রানারআপ হয়েছে বিকেএসপি।
প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এবং বাংলাদেশ জুডো ফেডারেশনের সভাপতি খোন্দকার রফিকুল ইসলাম। তিনি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
বিজিবি জানিয়েছে, খেলাধুলার মাধ্যমে সদস্যদের শৃঙ্খলা, নেতৃত্ব, শারীরিক সক্ষমতা ও মানসিক দৃঢ়তা বৃদ্ধির পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের ক্রীড়াঙ্গনে অবদান রাখার লক্ষ্যে সদস্যদের নিয়মিত ক্রীড়া প্রশিক্ষণ ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়।
জুডোসহ বিভিন্ন ক্রীড়া ক্ষেত্রে বিজিবি সদস্যদের ধারাবাহিক সাফল্য বাহিনীর ক্রীড়া কার্যক্রমের সক্ষমতা ও উৎকর্ষের প্রতিফলন বলে জানিয়েছে বিজিবি।
জেইউ/বিআরইউ
