বিজ্ঞাপন

মিরপুরে সিড প্রসেসিংয়ের আড়ালে নকল সিগারেট কারখানা

মিরপুরে সিড প্রসেসিংয়ের আড়ালে নকল সিগারেট কারখানা

রাজধানীর মিরপুরে একটি সিড প্রসেসিং সেন্টারের আড়ালে নকল সিগারেট উৎপাদনের কার্যক্রম শনাক্ত করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। 

শনিবার (৫ সেপ্টেম্বর) ঢাকার মিরপুর-১-এর গোড়ান চটবাড়ী এলাকায় অবস্থিত ‘কৃষিবিদ সীড লিমিটেড– সীড প্রসেসিং সেন্টার’ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কারখানাটিতে নকল সিগারেট উৎপাদনের কার্যক্রম হাতেনাতে শনাক্ত করা হয়েছে। 

কাস্টমস গোয়েন্দা চসূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিআইআইডির একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সিড প্রসেসিং সেন্টার এলাকায় নকল সিগারেট উৎপাদনের কার্যক্রমের সন্ধান পাওয়া যায়। অভিযানটি বর্তমানে চলমান রয়েছে। ঘটনাস্থলে পাওয়া সিগারেট, সিগারেট উৎপাদনের কাঁচামাল, প্যাকেজিং সামগ্রী, উৎপাদন যন্ত্রপাতি এবং সংশ্লিষ্ট নথিপত্রের বিস্তারিত ইনভেন্টরি ও যাচাই করা হচ্ছে।

অভিযানে জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) এবং র‍্যাব-৪-এর সদস্যরাও রয়েছেন। অভিযান শেষে উদ্ধার করা সামগ্রী ও পরবর্তী আইনগত ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে এনবিআর। 

অবৈধ তামাকজাত পণ্যের উৎপাদন, মজুত ও বাজারজাতকরণের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে এনবিআর। ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব ফাঁকি ও জাল ব্যান্ডরোল চক্রের বিরুদ্ধে ছোট-বড় মিলিয়ে প্রায় ১৮ হাজার অভিযান পরিচালিত হয়। 

আরএম/বিআরইউ