বিজ্ঞাপন

উত্তরায় আবাসিক হোটেল থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

উত্তরায় আবাসিক হোটেল থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে লি শিংচিয়াং (৪০) নামের এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অতিরিক্ত মদ্যপানের কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের বেঙ্গল হোটেল অ্যান্ড হসপিটালিটি লিমিটেডের ৯০৫ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালিদ মনসুর বিষয়টি নিশ্চিত করে বলেন, একই হোটেলের অন্য দুটি কক্ষে আরও তিন চীনা নাগরিক ছিলেন। তারা লি শিংচিয়াংয়ের কক্ষে গিয়ে তাকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে হোটেল কর্তৃপক্ষকে বিষয়টি জানালে তারা পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ গিয়ে ওই কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে। অতিরিক্ত মদ্যপানের কারণে ওই চীনা নাগরিকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও বলেন, ওই হোটেলে মদ বিক্রি বা সেবনের অনুমোদন নেই। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। লি শিংচিয়াং কবে এবং কী উদ্দেশ্যে ঢাকায় এসেছিলেন, সে বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

এমএসি/বিআরইউ