রাজধানীর দারুস সালাম থানা এলাকায় নিজ বাসায় টেলিভিশন দেখার সময় জানালা দিয়ে গুলিবিদ্ধ হয়েছেন জেসমিন বেগম (৩৮) নামে এক গৃহিণী।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে দারুস সালাম থানাধীন মাতবরবাড়ি মসজিদ গলি এলাকায় এই ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।
গুলিবিদ্ধ ওই নারীর ছেলে ইয়াসিন বলেন, রাত সাড়ে ৮টার দিকে আমার মা বাসার জানালা খোলা রেখে টেলিভিশন দেখছিলেন। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা বাসার খোলা জানালা দিয়ে গুলি করে পালিয়ে যায়। গুলিটি মায়ের ডান হাতে লাগে এবং গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে থাকেন। পরবর্তীতে আমি খবর পেয়ে বাসা থেকে মাকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাত ১০টা ৫০ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি। বর্তমানে আমার মা ঢামেকের জরুরি বিভাগের ৪নং ওয়ার্ডে চিকিৎসাধীন।
গুলিবিদ্ধ এই নারীর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার উত্তর দাললা গ্রামে। বর্তমানে দারুস সালাম থানার মসজিদ গলির একটি টিনশেড বাসার নিচ তলায় ভাড়া থাকতেন। তার স্বামীর নাম আব্দুল মান্নান। তিনি পেশায় গৃহিণী।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, ডান হাতে গুলিবিদ্ধ অবস্থায় এক নারী ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের চিকিৎসাধীন আছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
এসএএ/এএমকে
