বিজ্ঞাপন

উত্তরাঞ্চলে ভারী বৃষ্টির আভাস, বাড়তে পারে নদীর পানি

উত্তরাঞ্চলে ভারী বৃষ্টির আভাস, বাড়তে পারে নদীর পানি

উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে আগামী তিন দিন মাঝারি থেকে ভারী বৃষ্টির আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এর মধ্যে আগামী একদিন উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে মাঝারি-ভারী বৃষ্টি হতে পারে। পরবর্তী দুই দিন উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন উজানে মাঝারি-ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বৃষ্টিপাত ও নদ-নদীর পরিস্থিতি এবং পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, ব্রহ্মপুত্র-যমুনার পানি গত ২৪ ঘণ্টায় স্থিতিশীল ছিল। আগামী পাঁচদিনও এ নদ-নদীর পানি স্থিতিশীল থাকতে পারে।

অন্যদিকে গঙ্গার পানি গত ২৪ ঘণ্টায় বেড়েছে। পদ্মার পানি রয়েছে স্থিতিশীল। আগামী পাঁচদিন গঙ্গা ও পদ্মার পানি বাড়তে পারে। তবে এ সময়ে পানি বিপৎসীমার নিচে থাকতে পারে।

উত্তরাঞ্চলের ধরলা ও দুধকুমার নদীর পানি গত ২৪ ঘণ্টায় স্থিতিশীল ছিল। আগামী একদিন এ দুই নদীর পানি কমতে পারে। এরপর পরবর্তী দুইদিন পানি বাড়ার পূর্বাভাস রয়েছে। তিস্তার পানি গত ২৪ ঘণ্টায় কমেছে। আগামী তিনদিন তিস্তার পানি স্থিতিশীল থাকতে পারে।

উত্তর-পূর্বাঞ্চলের সুরমা নদীর পানি গত ২৪ ঘণ্টায় বেড়েছে। আগামী একদিনও সুরমার পানি বাড়তে পারে। এরপর দুইদিন তা স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে কুশিয়ারা নদীর পানি গত ২৪ ঘণ্টায় কমেছে। আগামী দুইদিন কুশিয়ারার পানি কমতে পারে এবং পরবর্তী একদিন স্থিতিশীল থাকতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বর্তমানে দেশের কোনো প্রধান নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে নেই। তবে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের কারণে কয়েকটি নদীর পানি ওঠানামা করতে পারে।

এমএইচএন/জেডএস