বিজ্ঞাপন

ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতি ও কয়েদির মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতি ও কয়েদির মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারে  অসুস্থ আবুল বাশার (৫৪) নামে এক হাজতি এবং আব্দুল কাইয়ুম (৬২) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) সকালের দিকে অচেতন অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

কারারক্ষী শহীদ জানান, নিহত হাজতি আবুল বাশারের বাড়ি চাঁদপুরের কচুয়া এলাকায়। তার বাবার নাম সেকান্দার আলী। তবে তিনি কোন মামলায় কারাগারে ছিলেন সে বিষয়ে কিছু জানা যায়নি।

তিনি আরও জানান, আজ সকালের দিকে কেন্দ্রীয় কারাগারে হাজতি আবুল বাশার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে আমরা কয়েকজন কারারক্ষী চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপর ঘটনায় কারারক্ষী হেমায়েত হোসেন জানান, আজ সকালের দিকে কেন্দ্রীয় কারাগারে কয়েদি আব্দুল কাইয়ুম অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে আমরা কয়েকজন কারারক্ষী চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, কয়েদি আব্দুল কাইয়ুম এর বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায়। তার বাবার নাম দুদুমিয়া। তবে তিনি কোন মামলায় কারাগারে ছিলেন সে বিষয়ে কিছু জানা যায়নি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে হাজতি আবুল বাশার এবং কয়েদি আব্দুল কাইয়ুমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। ময়নাতদন্তের পর কারা আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এসএএ/জেআই