বিজ্ঞাপন

চট্টগ্রামে পুলিশের ওপর হামলা

বিহারী বগাকে প্রধান করে ২৭১ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার নেই

বিহারী বগাকে প্রধান করে ২৭১ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার নেই

চট্টগ্রাম নগরীর ওয়্যারলেস এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এই ঘটনায় ২১ জনের নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ। মামলায় প্রধান আসামি করা হয়েছে ১৭ মামলার আসামি ওয়াকিল হোসেন ওরফে বিহারী বগাকে (৪২)। অজ্ঞাতপরিচয় আরও ২৫০ জনকে আসামি করা হয়।

ঘটনার পর দুই দিন পার হতে চললেও রোববার (৬ সেপ্টেম্বর) পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিম ঢাকা পোস্টকে বলেন, গত শুক্রবার পুলিশের ওপর হামলা, সরকারি গাড়ি ভাঙচুর ও পুলিশ সদস্য আহত করার ঘটনায় ২১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ২৫০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

পুলিশ জানায়, শুক্রবার ভোরে অস্ত্র মামলায় গ্রেপ্তারি পরোয়ানা এবং নগরীর পাহাড়তলী ডিগ্রি কলেজের প্রভাষক মিজানুর রহমানকে অপহরণ করে মারধরের মামলায় আসামি ওয়াকিল হোসেন ওরফে বিহারী বগাকে গ্রেপ্তার করতে ওয়্যারলেস এলাকায় তার বাসায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতির খবর পেয়ে বগা ওসিকে ফোন করে পেটানোর হুমকি দেন এবং তার মাকে গালমন্দ করেন বলে অভিযোগ পুলিশের।

পরে বগার অনুসারীরা রাস্তায় ব্যারিকেড দিয়ে পুলিশের ওপর হামলা চালায়। তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও ককটেলসদৃশ বস্তু নিক্ষেপ করে। এ সময় খুলশী থানার ওসি মোহাম্মদ আবদুর রহিমসহ ছয় পুলিশ সদস্য আহত হন। ভাঙচুর করা হয় ওসির সরকারি গাড়িও।

আত্মরক্ষার্থে পুলিশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গেলে বগার অনুসারীরা পালিয়ে যায়।

অভিযানের পর বগার ওয়্যারলেস কলোনির বাসায় তল্লাশি চালিয়ে একটি গোপন সুড়ঙ্গপথের সন্ধান পায় পুলিশ। পুলিশের দাবি, অভিযানের খবর পেয়ে ওই সুড়ঙ্গপথ দিয়ে আগেই পালিয়ে যান বগা।

তবে পরে এক ভিডিও বার্তায় বগা দাবি করেন, পুলিশ তার কাছে টাকা চাওয়ায় তিনি ওসিকে গালাগালি করেছেন। তিনি ওসিকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে নিজেকে আওয়ামী লীগ আমলের নির্যাতিত স্বেচ্ছাসেবক দলের নেতা দাবি করেন। একই সঙ্গে কোনো অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে তিনি জড়িত নন বলেও দাবি করেন।

পুলিশের তথ্য অনুযায়ী, সর্বশেষ গত বৃহস্পতিবার পাহাড়তলী ডিগ্রি কলেজের প্রভাষক মিজানুর রহমানকে তুলে নিয়ে মারধর এবং অধ্যক্ষকে ভিডিও কলে রেখে নির্যাতনের ঘটনায় করা মামলায় বগাকে দুই নম্বর আসামি করা হয়।

এ ছাড়া গত দুই বছর ধরে খুলশী ও পাহাড়তলী এলাকার পাহাড় কাটা, জমি দখল-পাল্টা দখল, মাদক ব্যবসা ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে বগার নাম জড়ানোর অভিযোগ রয়েছে। তিনি স্থানীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক।

পুলিশ জানায়, ওয়াকিল হোসেন ওরফে বিহারী বগার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৭টি মামলা রয়েছে। গত ৮ জুন শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তাকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার করা হয়।

আরএমএন/আরএফ