বিজ্ঞাপন

সড়ক দুর্ঘটনায় বিএসটিআই কর্মকর্তা শেখ মিশার মৃত্যু

সড়ক দুর্ঘটনায় বিএসটিআই কর্মকর্তা শেখ মিশার মৃত্যু

সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) খুলনা কার্যালয়ের পরীক্ষক (রসায়ন) শেখ মিশা খাতুনের মৃত্যু হয়েছে। 

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। বিএসটিআইয়ের সম্পাদক মঈনুদ্দীন মিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, খুলনা থেকে ঢাকায় আসার পথে এ দুর্ঘটনার শিকার হন শেখ মিশা খাতুন। তার অকালমৃত্যুতে বিএসটিআই পরিবার গভীর শোক প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শেখ মিশা খাতুনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএসটিআইয়ের মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হক। এক শোকবার্তায় তিনি বলেন, মিশার মতো একজন তরুণ, মেধাবী ও সম্ভাবনাময় সহকর্মীর এভাবে অকালে চলে যাওয়া বিএসটিআই পরিবারের জন্য অত্যন্ত বেদনাদায়ক ও অপূরণীয় ক্ষতি।

মহাপরিচালক মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তার শোকসন্তপ্ত বাবা-মা, পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

বিএসটিআই জানায়, ২০২৫ সালে পরীক্ষক হিসেবে প্রতিষ্ঠানটিতে যোগ দেন শেখ মিশা খাতুন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা করেন।

এমএইচএন/জেআই