রাজধানীর যাত্রাবাড়ী থানার ধলপুর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ইমরান (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় মো. জাকারিয়া (৩৩) নামের আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন।
রোববার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ধলপুর সরদার গলিতে এই ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর রাত ১২টা ৭ মিনিটে ইমরানকে মৃত ঘোষণা করেন। তার মাথায় গুলিবিদ্ধ হয় বলে জানা গেছে। গুলিবিদ্ধ জাকারিয়া বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত ইমরান যাত্রাবাড়ীর ধলপুর সর্দার গলির বাসিন্দা খোকন আলীর ছেলে। জাকারিয়ার বাড়ি ৫৪/এ, উত্তর ধলপুরে। তার বাবার নাম সফর আলী।
গুলিবিদ্ধ জাকারিয়া জানিয়েছেন, উত্তর ধলপুরে ৬-৭ জন হেলমেট পরিহিত দুর্বৃত্ত “ইমরান দৌড় দিবি না” বলে সেখানে এক যুবককে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। সেই গুলিতেই ইমরান মারা যান। আর আমার গুলি লেগেছে পায়ে।
হাসপাতালে গুলিবিদ্ধ জাকারিয়ার স্ত্রী ঝিনুক আক্তার জানান, ধলপুর সরদার গলিতে তার স্বামী জাকারিয়ার রিকশার গ্যারেজের ব্যবসা করেন। রাতে গ্যারেজের সামনে ইমরানসহ তার স্বামী বসা অবস্থায় ছিলেন। এ সময় চারটি মোটরসাইকেলে হেলমেট পরা ৭-৮ জন ব্যক্তি তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে। সে সময় দুজনই গুলিবিদ্ধ হন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, নিহত ইমরানের মাথায় গুলিবিদ্ধ হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা। আর গুলিবিদ্ধ জাকারিয়ার জরুরি বিভাগে চিকিৎসা চলছে।
এসএএ/এএমকে
