বিজ্ঞাপন

ঢাকার মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

ঢাকার মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানার মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. নুর নবী ওরফে রিপনকে (২৯) চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

রোববার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে চট্টগ্রাম নগরীর খুলশী থানার ফয়েস লেক সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নুর নবী চট্টগ্রামের খুলশীর পাহাড়তলী এলাকার মো. ফারুকের ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ডিএমপির মোহাম্মদপুর থানায় দায়ের হওয়া মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুর নবী ওরফে রিপন গ্রেপ্তার এড়াতে চট্টগ্রামের খুলশী থানা এলাকায় অবস্থান করছেন। এর ভিত্তিতে চট্টগ্রাম র‌্যাবের একটি আভিযানিক দল ফয়েস লেক সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়। 

চট্টগ্রাম র‍্যাবের সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন বলেন, গ্রেপ্তার নুর নবীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলশী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমআর/আরএফ