বিজ্ঞাপন

এসআই আলতাফ হত্যা : জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

এসআই আলতাফ হত্যা : জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

সাভারের আমিনবাজারে প্রাইভেটকার রাখা নিয়ে বিরোধের জেরে হামলায় স্পেশাল ব্রাঞ্চে কর্মরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলতাফ হোসেন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। 

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন বলছে, পুলিশ কর্মকর্তাকে প্রকাশ্যে হত্যা আইনের শাসনের ওপর আঘাত।

একই ঘটনায় নিহতের ছোট ছেলে আরিফুল ইসলাম গুরুতর আহত হয়ে হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

রোববার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের সই করা এক শোক ও প্রতিবাদ বার্তায় এ প্রতিক্রিয়া জানানো হয়।

বার্তায় বলা হয়, গত ৫ সেপ্টেম্বর রাত আনুমানিক ৮টার দিকে সাভার থানাধীন আমিনবাজারের বড়দেশি মদিনা হাউজিং এলাকায় একটি গেঞ্জি কারখানার সামনে প্রাইভেটকার রাখাকে কেন্দ্র করে নৃশংস হামলার ঘটনা ঘটে। এতে স্পেশাল ব্রাঞ্চ, ঢাকায় কর্মরত এসআই (নি.) আলতাফ হোসেন (৫৮) এবং তার ছেলে আরিফুল ইসলাম (২৬) গুরুতর আহত হন।

ঘটনার সময় আনুমানিক ২০ থেকে ২৫ জনের একটি সন্ত্রাসী দল অতর্কিতভাবে আলতাফ হোসেন ও তার ছেলের ওপর হামলা চালায়। হামলাকারীরা তাদের মারধর করে গুরুতর আহত করে। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ৯টা ১৮ মিনিটে এসআই আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন।

আলতাফ হোসেনের ছেলে আরিফুল ইসলাম বর্তমানে হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।

শোক ও প্রতিবাদ বার্তায় বলা হয়, কর্মরত একজন পুলিশ কর্মকর্তাকে এভাবে প্রকাশ্যে নির্মমভাবে হত্যা এবং তার সন্তানকে গুরুতর আহত করার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক, বর্বর ও উদ্বেগজনক। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন মনে করে, এ ধরনের নৃশংস ঘটনা শুধু একটি পরিবারের ওপর আঘাত নয়, বরং আইনের শাসন, জননিরাপত্তা ও রাষ্ট্রীয় আইন-শৃঙ্খলা ব্যবস্থার প্রতি সরাসরি আঘাত।

ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেক অপরাধীকে দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।

একইসঙ্গে নিহত এসআই আলতাফ হোসেনের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে সংগঠনটি। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং গুরুতর আহত আরিফুল ইসলামের আশু সুস্থতার জন্য দোয়া করা হয়েছে।

জেইউ/জেডএস

বিজ্ঞাপন