বিজ্ঞাপন

গিটারিস্ট শাওন বণিককে ৩ দিনের মধ্যে দেশ ছাড়ার হুমকি, থানায় জিডি

গিটারিস্ট শাওন বণিককে ৩ দিনের মধ্যে দেশ ছাড়ার হুমকি, থানায় জিডি

রাজধানীর মোহাম্মদপুরে দুর্বীন ব্যান্ডের গিটারিস্ট শাওন বণিককে ফোন করে গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

সোমবার (৭ সেপ্টেম্বর) মোহাম্মদপুর থানায় করা জিডিতে শাওন বণিক উল্লেখ করেন, তিনি দুর্বীন ব্যান্ডের গিটারিস্ট হিসেবে কর্মরত। ভোর ৫টা ৩৭ মিনিটের দিকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তাকে ফোন করেন। এ সময় ওই ব্যক্তি অকথ্য ভাষায় গালিগালাজ করে তাকে তিন দিনের মধ্যে দেশ ছেড়ে ভারতে চলে যেতে বলেন।

জিডিতে শাওন বণিক আরও উল্লেখ করেন, ওই সময়ের মধ্যে তিনি লালমাটিয়া ছেড়ে ভারতে চলে না গেলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

ভবিষ্যতের জন্য বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করে রাখার আবেদন করেন তিনি। পরে মোহাম্মদপুর থানায় এ বিষয়ে জিডি করা হয়। জিডি নম্বর ৬৯৬।

এ ঘটনায় তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে মোহাম্মদপুর থানার এসআই (নিরস্ত্র) মো. সাইফুল হাসান খানকে।

জানতে চাইলে তদন্তের দায়িত্বপ্রাপ্ত এসআই মো. সাইফুল হাসান খান বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি আজ জিডি করেছেন। তদন্ত চলমান।

এমএসি/জেডএস

বিজ্ঞাপন